সাতক্ষীরা প্রতিনিধি : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সীমান্তসহ দায়িত্বপূর্ণ এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে, সে লক্ষ্যে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের ৩৫টি প্লাটুনে প্রায় ৭০০ সদস্য সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলার ২১টি উপজেলায় দায়িত্ব পালন করছেন। বিজিবি সদস্যরা নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ, ভোটারদের আস্থা অর্জনে সহায়ক পরিবেশ সৃষ্টি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী রাখার লক্ষ্যে নানাবিধ কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি আরও জানান, মোতায়েনের পরবর্তী সময়ে গত ২৯ জানুয়ারি ২০২৬ থেকে দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৩৪০টি টহল পরিচালনা করা হয়েছে। এছাড়া ৫০টিরও বেশি যৌথ অভিযান, ১৭০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন, বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রায় ৬০টি সমন্বয় সভা এবং সীমান্তবর্তী এলাকায় প্রায় অর্ধশতাধিক জনসচেতনতামূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক আরও জানান, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা নিজস্ব ব্যবহৃত অস্ত্রের পাশাপাশি অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি ও সম্ভাব্য হুমকি প্রতিরোধের লক্ষ্যে ড্রোন, কে-৯ ডগ স্কোয়াড, বডিওয়ার্ন ক্যামেরা, বুলেটপ্রুফ জ্যাকেট, আধুনিক মানের রায়ট কন্ট্রোল গিয়ার সেট এবং নন-লিথ্যাল অস্ত্র ব্যবহার করে দায়িত্ব পালন করছেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দুষ্কৃতকারীদের আধিপত্য বিস্তার রোধ এবং জনমনে আস্থা ও বিশ্বাস বৃদ্ধি করার লক্ষ্যে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা দিনরাত নিরবচ্ছিন্ন টহল তৎপরতার মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছেন। বিজিবির দায়িত্ব পালনকালে সাতক্ষীরা, পিরোজপুর ও বরিশাল জেলা থেকে মোট ৩৫ জন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেসি সহায়তা প্রদান করছেন।