
এফ, এম বদিউজ্জামান, পাইকগাছা : গতকাল পাইকগাছা উপজেলার ১০/১২ নং পোল্ডারে মিনহাজ নদীর ব্লুইজ গেট দিয়ে লবণ পানি প্রবেশ বন্ধের দাবিতে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।
আবেদনকারী মোঃ আসমতুল্লাহ শিকারী জানান, মিনহাজ নদীর ব্লুইজ গেটটি পাইকগাছা ও কয়রা উপজেলার গড়ইখালী, আমাদী, লস্কর ও চাঁদখালী ইউনিয়নের পানি সরবরাহের একমাত্র পথ। বর্তমানে নদীটি ইজারা নিয়ে জলমহলের নীতিমালা ভঙ্গ করে সাব-লীজের মাধ্যমে খণ্ড খণ্ড করে জালপাটা দিয়ে মাছ চাষ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর দাবি, উক্ত এলাকায় ব্যাপকভাবে তরমুজ, ধানসহ বিভিন্ন রবি শস্যের চাষ হয়েছে। এ অবস্থায় মিনহাজ নদীতে লবণ পানি ঢুকানো হলে নদীর সঙ্গে সংযুক্ত বিল ও খালগুলোতেও লবণ পানি প্রবেশ করবে। ফলে গড়ইখালী, আমাদী ও চাঁদখালী ইউনিয়নের হাজার হাজার কৃষকের ফসল নষ্ট হয়ে তারা চরম ক্ষতির মুখে পড়বেন।
এর আগে গত ২৬ জুলাই ২০২৫ তারিখে মিনহাজ নদীর পানি সরবরাহ রক্ষার দাবিতে উপজেলা পরিষদের সামনে শতাধিক মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়, ১০/১২ নং পোল্ডারের অভ্যন্তরে লবণ পানি প্রবেশ না করানোর বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে এবং সরকারি নীতিমালাতেও ব্লুইজ গেট দিয়ে লবণ পানি প্রবেশ নিষিদ্ধ। তবুও কিছু স্বার্থান্বেষী মহল লবণ পানি উত্তোলনের পক্ষে স্বাক্ষর সংগ্রহ করছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে মিনহাজ নদীর সুইজ গেট দিয়ে কোনোভাবেই লবণ পানি প্রবেশ করতে না পারে এবং হাজার একর জমির ধান, তরমুজসহ অন্যান্য রবি শস্য রক্ষা পায়।
Like this:
Like Loading...
Related