বিজ্ঞপ্তি : দেশীয় ও বিলুপ্তপ্রায় বীজ সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে বটিয়াঘাটা উপজেলা অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘গ্রামীণ বীজমেলা ২০২৬’। বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ ও মৈত্রী কৃষক ফেডারেশনের যৌথ উদ্যোগে, জার্মানিভিত্তিক সংস্থা মিজরিও’র সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।
মেলায় স্থানীয় ১৭টি গ্রামের অর্ধশতাধিক নারী কৃষক কয়েকশ প্রজাতির দেশীয় ধান, সবজি, ডাল ও তেলবীজ প্রদর্শন করেন। স্টলগুলোতে মরিচশাইল, রানীস্যালোট, হিজলি, দিঘা, মোরগশাইল, কালামাণিকসহ বিভিন্ন ঐতিহ্যবাহী ধানের বীজ স্থান পায়। নারী কৃষকরা নিজেদের সংরক্ষিত বীজ প্রদর্শনের পাশাপাশি বিনিময় ও বিতরণ করেন, যা কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার খন্দকার কামরুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দেশীয় বীজ আমাদের বড় শক্তি। প্রান্তিক নারী কৃষকদের এই উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী বলেন, খাদ্য নিরাপত্তা রক্ষায় নিজস্ব বীজ সংরক্ষণ অত্যন্ত জরুরি।
লোকজ-এর ট্রেজারার অজিত কুমার তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দেবপ্রসাদ সরকারসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তারা। মেলায় বীজের বৈচিত্র্য ও উপস্থাপনার ভিত্তিতে করুণা মণ্ডল প্রথম, নমিতা সরকার দ্বিতীয় এবং শিউলী মণ্ডল তৃতীয় স্থান অর্জন করেন। অংশগ্রহণকারী সকল নারী কৃষককে পুরস্কৃত করা হয়।