ডেস্ক রিপোর্ট : নগরীর খুুলনা সদর থানাধীন নিরালা মোড় এলাকায় আব্দুল আজিজ (৩৫) নামে এক যুবককে সন্ত্রাসীরা গুলি করে ও ধাঁরালো অস্ত্রাঘাতে হত্যা করেছে। রোববার রাতে তিনি আততায়ীদের টার্গেট হন এবং সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি বাগমারা মেইন রোড এলাকার বাসিন্দা জনৈক খলিলুর রহমানের ছেলে। তার নির্দিষ্ট কোন পেশা ছিলনা। তিনি পলাশ গ্রুপ নামের একটি সন্ত্রাসীর বাহিনির সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে ভিন্ন-ভিন্ন থানায় বিভিন্ন ফৌজদারী অপরাধের অভিযোগে তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিরালা মোড় সংলগ্ন জাহিদুর রহমান ক্রস রোড এলাকায় রোববার রাত ৯ টার দিকে আজিজ অবস্থান করছিলেন। তখন একটি মোটর সাইকেলে দুই জন অজ্ঞাত সন্ত্রাসী এসে তাকে লক্ষ্য করে গুলি করে। তার বুকের বাম পাশে এবং পেটে বুলেট বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তায় লুটিয়ে পড়লে ঘাতকেরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোর রাত দুই টার দিকে মৃত বলে ঘোষণা করেন। খুলনা সদর থানা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানান, ময়না তদন্ত শেষে সোমবার দুপুরে রাজধানী ঢাকার শাহাবাগ থানা পুলিশ নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে। মাদক সংক্রান্ত বিরোধসহ অন্যান্য বিষয়কে বিবেচনায় নিয়ে পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন গত রাত ৮ টার দিকে বলেন, ভিকটিম পরিবারের কেউ তখন পর্যন্ত মামলা দায়ের করতে আসেননি। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলছে।