প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৬, ১০:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ
কালিয়ার বড়দিয়া গৌড়ীয় মঠে মঙ্গলাধিবাস, নগরসংকীর্তন, ধর্মসভা ও মহোৎসব
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া : নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতীর ঐতিহ্যবাহী বড়দিয়া গৌড়ীয় মঠ প্রাঙ্গণে ১লা মার্চ থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালা—মঙ্গলাধিবাস, নগরসংকীর্তন, ধর্মসভা ও মহোৎসব ২০২৬। ৪ মার্চ শেষ দিন এই আয়োজন। ভক্ত-অনুরাগীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সমগ্র মঠ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ (৯৩) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, নড়াইল বিএনপির বার বার নির্বাচিত সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের ঐতিহ্যই হলো সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান।
মহোৎসব উপলক্ষে আয়োজিত নগরসংকীর্তনে ভক্তরা বাদ্যযন্ত্রের তালে তালে কীর্তন পরিবেশন করেন, যা এলাকায় এক অনন্য আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে। ধর্মসভায় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এসময় মঠ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন, ১লা মার্চ থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই মহোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত