দাকোপ (খুলনা) প্রতিনিধি : সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য আটক হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে। এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য ওসমান গণি (৩৮) কে আটক করা হয়। পরবর্তীতে ওসমান গণির দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। ওসমান গণি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছে। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।