ডেস্ক রিপোর্ট : নতুন সরকারের অধীনে প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় র্যাবের মহাপরিচালক হলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ।
সেই সঙ্গে পুলিশের বিশেষ শাখায় (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্বেও এসেছে পরিবর্তন।
আজ সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি সরদার নুরুল আমিন পেয়েছেন এসবি প্রধানের দায়িত্ব। পুলিশ সদর দপ্তরের আরেক অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ হয়েছেন সিআইডি প্রধান।
আর বর্তমান সিআইডি প্রধান অতিরিক্ত আইজি ছিবগাত উল্লাহকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে নেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার অতিরিক্ত আইজি হাসিব আজিজ পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন প্রধানের দায়িত্ব। তার স্থলাভিষিক্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলী। আর এসবির ডিআইজি মনিরুজ্জামানকে বদলি করা হয়েছে চট্টগ্রাম রেঞ্জে।
এছাড়া আরও তিন আদেশে দুই ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার পাঁচজনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
এক আদেশে পুলিশ অধিদপ্তরের ডিআইজি আশরাফুর রহমানকে একই কর্মস্থলে অতিরিক্ত আইজি হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
অপর আদেশে সুপার নিউমারি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজি জি এম আজিজুর রহমানকে পুলিশের বিশেষ শাখা থেকে পুলিশ একাডেমির অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
আরেক আদেশে পুলিশ সুপার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি এবং একজনের বদলি আদেশ বাতিল করা হয়েছে।
বদলি আদেশ বাতিল হওয়া কর্মকর্তা হলেন ডিএমপির উপকমিশনার মোস্তাক সরকার। তাকে খাগড়াছড়িতে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছিল।
এখন সেই দায়িত্ব পেয়েছেন সিআইডির পুলিশ সুপার মোরতোজা আলী খান। আর তার স্থলাভিষিক্ত হয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক।
মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমান পেয়েছেন মাদারীপুরের দায়িত্ব। আর মাগুরার এসপি হয়েছেন ডিএমপির উপ কমিশনার মোল্লা আজাদ হোসেন।