প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
কোস্ট গার্ডের ‘ম্যানগ্রোভ শিল্ড’ অভিযানে দুই জেলে উদ্ধার, অস্ত্রসহ দয়াল বাহিনীর সক্রিয় সদস্য আটক
মোংলা প্রতিনিধি : সুন্দরবনে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা দুই জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড কঠোর অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এর ধারাবাহিকতায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালিত হয়।
গত ১৫ এপ্রিল মোংলা থানাধীন জয়মনিঘোল এলাকার শুয়োরমারা খাল সংলগ্ন স্থানে মাছ ধরতে গিয়ে দুই জেলে বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হন। ডাকাতরা তাদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালায়।
গোয়েন্দা নজরদারির মাধ্যমে জিম্মিদের অবস্থান নিশ্চিত হয়। পরদিন ১৬ এপ্রিল বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলা মুর্তি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি কাঠের নৌকাসহ দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের গভীরে পালিয়ে যায়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি।
একই দিন সকালে শ্যামনগর থানাধীন হোগলডরা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড।ডাকাতরা কোস্ট গার্ড দেখে বনের ভেতর পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাদের ধাওয়া করে দয়াল বাহিনীর সক্রিয় সদস্য তরিকুল (৩৫) কে আটক করে। তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। তরিকুল খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর হয়ে ডাকাতিতে জড়িত ছিল।
আটককৃত ডাকাত, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। উদ্ধারকৃত দুই জেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত