পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা খুলনার পাইকগাছায় গলায় রশি দিয়ে নয়ন (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের বাইশার আবাদ আশ্রয়ণ প্রকল্পে এই ঘটনা ঘটে। নিহত নয়ন ওই এলাকার নাসির গাজীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নয়নের মা মনোয়ারা বেগম কাজের সন্ধানে খুলনায় ছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে নয়ন নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পাইকগাছা থানার এসআই আসলাম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন। পরিবার ও প্রতিবেশীদের ভাষ্য, নয়নের মা বিকেলে থানায় পৌঁছে একমাত্র ছেলের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। তার আহাজারিতে থানা এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরা জানিয়েছেন, নয়ন ব্যক্তিগতভাবে শান্ত স্বভাবের ছেলে ছিল। তবে বাবার উদাসীনতা এবং দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে তাদের ধারণা। অনেকেই এই মৃত্যুর পেছনে পারিবারিক অশান্তিকে প্রধান কারণ হিসেবে দেখছেন।
থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।