ডেস্ক রিপোর্ট : যশোরের শার্শা উপজেলার উলাশী এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটে এ খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উলাশী খাল খননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষিজমি জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে এবং স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে শার্শা উপজেলার দীর্ঘদিনের পানি নিষ্কাশন সমস্যা অনেকাংশে সমাধান হবে।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে এ অঞ্চলে জলাবদ্ধতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। খাল খনন কার্যক্রম সম্পন্ন হলে এই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে বলে তারা মনে করছেন।
এর আগে, সকাল ১০টার দিকে তাকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। যশোর বিমানবন্দর থেকে নেমেই প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি তার নির্ধারিত বাসে যশোরের শার্শা উপজেলার উদ্দেশে রওনা দেন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর এলাকা ও শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। হাজার হাজার নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় অবস্থান নেন। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দলীয় নেতারা তার সফরসূচি সফল করতে এরইমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন।
খাল খনন কার্যক্রম উদ্বোধনের পর দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এরপর দুপুর ১টা ৩৫ মিনিটে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এছাড়া বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।