শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে একটি বাসায় শিকার নিষিদ্ধ হরিণের মাংস রান্না করার খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী সেখানে এগিয়ে গেলে হরিণের মাংস ফেলে পালিয়ে যায় আয়োজকরা। পরে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে বনবিভাগের সদস্যরা মঙ্গলবার রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের শেখ মিজানুর রহমান বাবুর মৎস্য প্রজেক্টের বাসা থেকে প্রায় ১০ কেজি রান্না করা হরিণের মাংস জব্দ করা হয়। স্থানীয় বাসিন্দা ফজলুল হক বাসস’কে জানান, বহিরাগত কিছু মানুষ দীর্ঘদিন ধরে বাবু শেখের মাছের প্রজেক্টে কাজ করছিলেন। প্রতিনিয়ত তারা মাংস রান্না করেন। কিন্তু কিসের মাংস রান্না করেন তা আমরা জানি না। তবে বন বিভাগের সদস্যরা সেখান থেকে রাতে রান্না করা হরিণের মাংস জব্দ করেন। প্রজেক্টের মালিক শেখ মিজানুর রহমান বাবু জানান, আমার প্রজেক্টে ভেকু মেশিন দিয়ে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছেন। তারা বহিরাগত। তাদের কাউকে আমি চিনি না। ভেকু মালিকদের সাথে আমার যোগাযোগ নেই। তারা নিজেরা বাজার করে, নিজেরা খাওয়া দাওয়া করেন। তাদের বিষয়ে এর চেয়ে আমার কিছু জানা নেই। বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা মশিউর রহমান বাসস’কে জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে বন বিভাগের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি রান্না করা হরিণের মাংস জব্দ করা হয়। তিনি আরো জানান, বিষয়টি তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।