যশোর প্রতিনিধি : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন তার অধিকাংশই শ্রমিক। তাই আমাদের অঙ্গীকার রয়েছে শ্রমিকদের কাজ ফিরিয়ে দেওয়ার। কর্মসংস্থান সংকটের সমাধান এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকারের উদ্যোগ নিয়েছে। সরকার চেষ্টা করছে শ্রমিকদের ন্যায্যমজুরি নিশ্চিত করার। শুক্রবার সকালে মহান মে দিবসের উপলক্ষে র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী আরো বলেন, সরকার কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে শ্রমিকদের পরিবারে আরও একটু সচ্ছলতা আনার চেষ্টা করছে। কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দিয়েছে সরকার। হাওর অঞ্চলে যে সমস্ত কৃষকের অতিবৃষ্টির কারণে ফসল হানি হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আগামী তিন মাস সরকারের তরফ থেকে তাদের একটি বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে। এই উদ্যোগগুলো শ্রমিকদের জন্য, সাধারণ প্রান্তিক মানুষের জন্য, এই উদ্যোগগুলো একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ তৈরির সহায়ক হবে।
বক্তব্য শেষে শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। এরপর বেলুন ফেস্টুন উড়িয়ে মহান মে দিবসের বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য দেন।