পাইকগাছা প্রতিনিধি : মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে খুলনার পাইকগাছায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক শ্রমিক ও নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সানা এবং সার্বিক পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহেল।আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি শহিদুল মোড়ল, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ সুকুমার সরকার, সাংগঠনিক সম্পাদক বাবুল শরীফ, হায়দার আলী মিস্ত্রি, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম (রফি), চাঁদখালী শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, গড়খালী ইউনিয়নের সাবেক সভাপতি ইমরান হোসেন এবং সদস্য সচিব খাইরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আব্দুর রাজ্জাক সানা বলেন, “শ্রমিকরাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহেল বলেন, “মে দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগঠন সবসময় কাজ করে যাবে।”অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শ্রমিকদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। সার্বিকভাবে দিনব্যাপী কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।