মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২ এপ্রিল) বিকালে উপজেলার রাজপাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নাজমুল হাসান (৫৫)। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বাসিন্দা এবং এএসএম আব্দুল লতিফের ছেলে। জানা গেছে, তিনি বাংলাদেশ নৌবাহিনীর একজন স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানের দুই আরোহী—রেজিনা বেগম (৩০) ও রফিক (৭৫)। রেজিনা বেগম রাজপাট এলাকার মুসা শেখের স্ত্রী এবং স্থানীয় একটি কমিউনিটি ক্লিনিকে কর্মরত। অপরদিকে রফিক নাশুখালী এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে এবং পেশায় ভ্যানচালক।
স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হাসানের মৃত্যু হয়।
আহত রেজিনা বেগম ও রফিকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।