টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি প্রতিষ্ঠানে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পরিচালক সৈয়দা তামান্না তাসরিন বলেন, বাংলাদেশে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী পণ্য বা সেবার সঠিক গুণমান, পরিমাণ, বিশুদ্ধতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে পাটগাতী কাঁচাবাজারের সামনে অবস্থিত' আইস মিল’-এ অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আওলাদ হোসেন মোল্লা বরফ উৎপাদনের লাইসেন্স থাকলেও অনুমোদন ছাড়াই আইসক্রিম উৎপাদন করছেন। এছাড়া বিএসটিআই-এর লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এবং নিষিদ্ধ রং ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল।
এসব অপরাধে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হলেও স্থানীয়দের অনুরোধ ও সার্বিক দিক বিবেচনায় তা কমিয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আইসক্রিম উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। শিশু খাদ্য উৎপাদনের ক্ষেত্রেও যথাযথ অনুমতি ছাড়া কোনো কার্যক্রম পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়।
এদিকে একই অভিযানে পাশের একটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে দোকানের মালিক ওয়াসিকুর রহমানকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ক্যাব গোপালগঞ্জের পরিচালক মোহাম্মদ মোজাহারুল হক, টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
অভিযান শেষে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি প্রকাশ করতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, এ ধরনের অভিযান নিয়মিত চালু থাকলে বাজারে অনিয়ম অনেকটাই কমে যাবে।