দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে প্রেমিকা পরিবারের হাতে মারপিট ও লাঞ্চিত হয়ে ক্ষোভে অভিমানে মিঠুন গাইন (২৭) আত্নহত্যার প্ররোচনার ঘটনায় অবশেষে খুলনা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে সি আর ৮৬/২৬ মামলা দায়ের করা হয়েছে| গত ৩০ এপ্রিল মিঠুনের মা তরুলতা গাইন বাদী হয়ে ৩ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন| আদালত মামলাটি আমলে নিয়ে দাকোপ থানার ওসিকে তদন্তের আদেশ দিয়েছেন| এদিকে শোকাহত পরিবারে পাশে থেকে ন্যায় বিচার পেতে সহযোগীতার আশ্বাস দিয়েছেন জামায়াতের এমপি প্রার্থী কৃষ্ণ নন্দী|
মামলার বিবরণে জানা গেছে, দাকোপ সাহেবের আবাদ গ্রামের প্রসাদ রায়ের কন্যা সীমান্তি রায়ের সাথে মিঠুনের প্রেমের সর্ম্পক ছিল| যে কারণে প্রসাদ এবং তার স্ত্রী শংকরী রায় প্রতিনিয়ত মিঠুনকে অপমান অপদস্ত ও হুমকি দিতে থাকে| তারই ধারাবাহিকতায় গত ১৫ এপ্রিল শংকরী, প্রসাদ এবং সীমান্তি রায় মিলে মিঠুনকে প্রকাশ্যে বেধড়ক মারপিট ও জুতা পিটা করে| এমনকি এই ঘটনার বিচার না চাইতে মিঠুনকে প্রভাবশালীদের দিয়ে হুমকি ধামকি অব্যহত রাখে| যে কারণে ক্ষোভে অপমানে গত ২১ এপ্রিল দুপুরে মিঠুন গলায় রশি দিয়ে আত্নহত্যা করতে বাধ্য হয়| মিঠুন আত্নহত্যার পর তার পরিবার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে প্ররোচনার মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলাটি না নিয়ে অপমৃত্যু মামলা দায়ের করে| এমনকি প্রসাদ রায় মিঠুনের পরিবারের বিরুদ্ধে উল্টো দোকান ভাংচুরের মিথ্যে অভিযোগ দেয় থানায়| মিঠুন আত্নহত্যার ঘটনায় প্রসাদ রায়ের পরিবারের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করে সঠিক বিচার দাবী করে| অপরদিকে গত মঙ্গলবার রাতে গত সংসদ নির্বাচনে খুলনা-১ আসনের জামায়াতের এমপি প্রার্থী কৃষ্ণ নন্দী মিঠুনের শোকাহত পরিবারকে সান্তনা দিতে তার বাড়ীতে যায়| এ সময় মিঠুনের মা কান্নায় ভেঙে পড়েন| তারা অভিযোগ করে বলেন মিঠুনকে আত্নহত্যায় বাধ্য করে উল্টো এখন থানায় আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দিয়েছে| তাদের সাথে প্রভাবশালীদের সম্পর্ক থাকায় ন্যায় বিচার নিয়ে সংশয় প্রকাশ করেন তারা| এ সময় কৃষ্ণ নন্দী তাদেরকে আশ্বাস দিয়ে বলেন মিঠুন আত্নহত্যায় প্ররোচনাকারীদের আইনের আওতায় আনতে তিনি সব ধরনের সহযোগীতা করবেন| এ সময় জামায়াতনেতা হফেজ নজরুল ইসলাম, আলহাজ্ব জি এম ইমদাদুল হক, কামরুল হোসেন শেখ, বাবু হাওলাদার, বিপ্লব বর্মনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| উল্লেখ্য মিঠুনের বাবা ১০ বছর আগে ভারতে চলে যাওয়ার পর মাকে নিয়েই সে থাকত| দরীদ্রতার কারনে অনার্স ২য় বর্ষের পর তারা লেখাপড়া বন্দ হয়ে যায়| স্থানীয় ব্লাড ডোনার ক্লাবসহ বিভিন্ন সামাজিক কাজের সাথে সে যুক্ত ছিল|
এবিষয়ে থানা পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) প্রকাশ বোস বলেন, মামলাটি এখনো থানায় আসেনি| আসলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে|