পাইকগাছা প্রতিনিধি : এক মুঠো জীবিকার সন্ধানে চিংড়ি ঘেরে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ইমান মোড়লের। ঘেরে টাঙানো ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের তার যেন মুহূর্তেই কেড়ে নিল তার প্রাণ। শনিবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৈয়াসিটিবুনিয়া গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে এখন শোকের মাতম বইছে স্বজনদের মাঝে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৈয়াসিটিবুনিয়া গ্রামের ইকবল হাজীর চিংড়ি ঘেরে রাতে বাল্ব জ্বালানোর জন্য বাঁশের খুঁটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল। ওই ঘেরে মজুরি চুক্তিতে জাল দিয়ে মাছ ধরার কাজে যান ইমান মোড়ল ( ৪০)। কাজ করার একপর্যায়ে ঘেরের বেড়িবাঁধ থেকে পা পিছলে পড়ে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত ও অচেতন হয়ে পড়েন।
পরে ঘেরে থাকা অন্যান্য শ্রমিক ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহতের পরিবারের সদস্যরা লাশ নিজ বাড়ি গজালিয়ায় নিয়ে গেছেন। বর্তমানে মরদেহ সেখানে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।