ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা আজ শনিবার (৯ মে) আসরের নামাজের পর অনুষ্ঠিত হবে। পরে মাদারীপুরে গ্রামের বাড়িতে দাদা–দাদীর কবরের পাশেই তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বৃষ্টির নানা আব্দুল আলী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃষ্টির মরদেহ গ্রহণ করতে তার বাবা–মা, মামাসহ পরিবারের অনেক সদস্য বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। মরদেহ গ্রহণের পরপরই সেটি মাদারীপুরে গ্রামের বাড়িতে নেয়া হবে। সেখানেই বাদ আসর সুলতানা বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে। পরে দাদা–দাদীর কবরের পাশেই তাকে দাফন করা হবে।
এদিকে আজ শনিবার সকালে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এর আগে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের ইকে–০২২০ ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। মরদেহ বিমানে তোলার সময় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
স্থানীয় সময় বুধবার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে পৌঁছায়।
এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ হত্যার শিকার দুই বাংলাদেশী শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এ সম্মাননা দেয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৫ মে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে পাঠানো এক চিঠিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।