
ডেস্ক রিপোর্ট : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী দুর্গম শুকনাছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের এক কর্মী নিহত হয়েছেন।
নিহতের নাম হেগেরা চাকমা (লেত্তবাপ)। শনিবার (৯ মে) ভোর ৬টা ৫০ মিনিটের দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সাজেকের মারিশ্যা-দীঘিনালা সড়কের শুকনাছড়া এলাকায় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান নেয়। হেগেরা চাকমা ওই এলাকা দিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়। প্রাণ বাঁচাতে তিনি পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, নিহত হেগেরা চাকমা ওই এলাকায় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সংগ্রাহক হিসেবে পরিচিত ছিলেন।
এই হত্যাকাণ্ডের বিষয়ে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা সংবাদমাধ্যমকে বলেন, সশস্ত্র সন্ত্রাসী জ্যাকসন চাকমার নেতৃত্বে চার-পাঁচ জনের একটি সশস্ত্র গ্রুপ শুকনাছড়ি এলাকায় অতর্কিত হামলা চালায়। এ সময় তারা আমাদের নিরপরাধ কর্মী হেগেরা চাকমাকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, শুকনাছড়ি এলাকায় একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। সাজেক থানার আওতাধীন ১০নং পুলিশ ফাঁড়ির সদস্যরা খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তবে এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে কিছুটা সময় লাগছে। পুলিশ সদস্যরা পৌঁছালে এবং তদন্ত শেষ হলে বিস্তারিত আরও তথ্য জানানো সম্ভব হবে।
এই ঘটনার পর থেকে শুকনাছড়াসহ আশেপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।