দাকোপ (খুলনা) প্রতিনিধি : সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড| গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন| তিনি জানান, কুখ্যাত ডাকাত জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) দাকোপ উপজেলাধীন সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালির খাল এলাকায় অবস্থান করছে| এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক উক্ত এলাকায় অপারেশন ম্যানগ্রোভ শিল্ড‘র আওতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে| এসময়ে ২টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ জাহাঙ্গীরকে আটক করা হয়| জাহাঙ্গীর নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা| সে দীর্ঘদিন যাবৎ এ বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনে ডাকাতি এবং সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল| জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান|