তথ্যবিবরণী : খুলনা আঞ্চলিক তথ্য অফিস পিআইডি’র আয়োজনে ‘তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং’ শীর্ষক দিনব্যাপী সেমিনার আজ বৃহস্পতিবার বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। সেমিনারে প্রধান অতিথি বলেন, গণমাধ্যমের সাথে জনগণের আস্থা জড়িত। একটি সত্য ও সঠিক সংবাদ সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তথ্য সংগ্রহ ও উপস্থাপনা সাংবাদিকদের প্রধান কাজ। তাই সত্য তথ্য যাচাইয়ে ফ্যাক্ট চেকিং অপরিহার্য। ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইয়ের প্রধান উপকারিতা হলো ভুয়া খবর, গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধ করে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা। এটি জনপরিসরে বিভ্রান্তি কমায়, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সহায়তা করে। তিনি আরও বলেন, বর্তমান সরকার সঠিক তথ্য প্রচারে ফ্যাক্ট চেকিং এ গুরুত্ব দিচ্ছে। অপতথ্য, কুতথ্য ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের আরো বেশি দক্ষ হতে হবে। সত্য তথ্য অনুসন্ধানে ফ্যাক্ট চেকিং চর্চা বাড়াতে হবে। আঞ্চলিক তথ্য অফিস খুলনার আয়োজনে তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট চেকিং সেমিনারটি অত্যন্ত সময়োপযোগী বলে তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: মেহেদী হাসান। মূলপ্রবন্ধে অপতথ্যরোধে ফ্যাক্ট চেকিং এর গুরুত্ব তুলে ধরা এবং বিভিন্ন প্রয়োজনীয় টুলস সম্পর্কে ধারনা দেয়া হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু ও সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন। সেমিনারটি সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার মোঃ রমজান আলী।সেমিনারে বাগেরহাটের ৪০ জন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মীরা অংশ নেন।