
ডেস্ক রিপোর্ট : রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে উদ্ধার খণ্ডিত মরদেহের রহস্য উদঘাটন করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে, তিনি সৌদি প্রবাসী মুকাররম বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৮ মে) র্যাব ৩ এর উপ-পরিচালক স্কোয়াডন লিডার সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিহত ব্যাক্তি সৌদি প্রবাসী মুকাররম। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, পরকীয়া প্রেমিকা ও তার বান্ধবীর হাতে খুন হয়েছেন তিনি। পাঁচ লক্ষাধিক টাকা আত্মসাৎ করে পরকীয়া প্রেমিকা ও বান্ধবী মিলে ঘুমের ওষুধ খাইয়ে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। এরপর মরদেহ ৮ টুকরো করে ময়লার মধ্যে ফেলে দেয়।’
র্যাবের পক্ষ থেকে এ দাবি করার পূর্বে রোববার (১৭ মে) বিকেলে রাজধানীর মুগদা মান্ডা প্রথম গলির আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর ‘শাহনাজ ভিলা’র বেজমেন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেখানে সাতটি খণ্ডে দেহটি পাওয়া যায়। তবে ওই সময় মাথা পাওয়া যায়নি। পরে পাশের ময়লার স্তূপে তল্লাশি চালিয়ে মাথাটি উদ্ধার করা হয়। দেহটি পচাগলা অবস্থায় ছিল এবং পেট থেকে ভুঁড়ি বেরিয়ে আসছিল।
পরে উদ্ধার হওয়া মাথা ও দেহের খণ্ডিতাংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান এদিন জানান, স্থানীয় লোকজন দুর্গন্ধ থেকে বিষয়টি টের পায়। পরে তারা পুলিশে খবর দেয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে র্যাবের অভিযানে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে রহস্য উদঘাটন হয়েছে বলে জানা গেছে।