শরণখোলা আঞ্চলিক অফিসঃ সুন্দরবনে ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী| মঙ্গলবার (১৯ মে ) দিবাগত গভীর রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ঐ ১২ জেলেকে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাতস্থানে আটকে রেখেছে| জেলেদের মহাজন নিরাপত্তার ¯^ার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার মৎস্য ব্যবসায়ী বলেন, মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের ফুসফুসেরচরের কাছে সাগর মোহনায় মাছ ধরারত জেলেদের নৌকা ও ট্রলারে হামলা করে জেলেদের একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী| অপহৃত জেলেরা হচ্ছে, পাথরঘাটার রুহিতা এলাকার ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫),জাকির (২৮), হোসেন(৩০), তৌহিদ (২৮),ইয়াসিন (২০), মাহবুব (২৪),হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)| এছাড়াও দস্যুদের কব্জায় আরো কয়েকজন জেলে আটক রয়েছে| সশস্ত্র দস্যুরা সংখ্যায় ১৫/১৬ জন এবং বিশেষ এক ধরনের পোশাক পড়া ছিলো বলে ঐ মহাজন জানান| বরগুনা জেলা ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটার রহিতা ও নিদ্রাসখিনা এলাকার ১২ জেলেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী সুন্দরবনে অপহরণ করে আটকে রেখেছে বলে তারা খবর পেয়েছেন| সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মোঃ মিজানুর রহমান বুধবার দুপুরে মোবাইল ফোনে বলেন, গতরাতে ফুসফুসেরচর এলাকায় ট্রলারসহ ১২ জেলে অপহরণের খবর পেয়ে দস্যুদের ধরতে রাতেই বনরক্ষীরা সুন্দরবনে অভিযানে নেমেছেন| এখন পর্যন্ত অপহৃত জেলেদের সন্ধান পাননি বলে এই ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন| শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক বলেন, সুন্দরবনে ১৭ জন জেলে অপহরণের খবর তিনি শুনেছেন| কেউ কোন অভিযোগ দেয়নি| অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান|