প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৬, ৩:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
পশু জবাই, চামড়া সংরক্ষণ ও পরিচ্ছন্নতায় কঠোর নির্দেশনা দিলেন ইউএনও
বিশেষ প্রতিনিধি : বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে এক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ও সভাপতির বক্তব্য দেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।
কর্মশালায় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খানসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রশিক্ষণ কর্মশালায় কোরবানির পশু যথাযথ নিয়মে জবাই, পশুর চামড়া সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ ব্যবহারের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন ইউএনও মোঃ আলী সুজা। তিনি বলেন, কোরবানির পশু জবাই শেষে তাৎক্ষণিকভাবে বর্জ্য ও ময়লা-আবর্জনা অপসারণ করে মাটি চাপা দিতে হবে, যাতে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি না হয়। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।
এছাড়াও ঈদকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
ইউএনও আলী সুজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ঈদ উদযাপন নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত