প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৬, ৮:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৬, ১:৪৪ অপরাহ্ণ
বিমল বাবুর সেলুন
খোকসা কুষ্টিয়া: দীর্ঘ ৩৯ বছর ধরে কুমারখালী উপজেলা পরিষদের সামনে চলছে বিমল বাবুর সেলুন। এই দীর্ঘ সময়ে চারপাশের মানুষ, রাজনীতি আর সমাজ বদলে গেছে আলোর গতিতে। বড় বড় অট্টালিকা উঠেছে, মানুষের পকেটে টাকা এসেছে, কিন্তু বিমল বাবুদের মতো খেটে খাওয়া মানুষের ভাগ্যের চাকা এক চুলও ঘোরেনি। তারা যেন সমাজের এক থমকে যাওয়া মেটাফোর।
আজকের এই নির্মম বাস্তবতায় সাধারণ মানুষের হাল বড়ই করুণ। চড়া বাজারের আগুন আর তীব্র অভাবের মাঝে উদয়াস্ত পরিশ্রম করেও দিনশেষে থালায় ঠিকমতো অন্ন জোটে না। বিমল বাবুরা প্রতিদিন ক্ষুর-কাঁচি হাতে নতুন স্বপ্নের জাল বোনেন, আর প্রতি রাতেই সেই স্বপ্নগুলো দারিদ্র্যের নিষ্ঠুর কষাঘাতে ভেঙে চুরমার হয়ে যায়।
সবচেয়ে বুক ভাঙা সত্য হলো তাঁর শেষ কথাটি। এখন আর আগের মতো কাজ থাকে না, তাও তিনি রোজ নিয়ম করে এখানেই আসেন এবং যতদিন বাঁচবেন, আসবেন।
মলিন মুখে একটু হেসে অবলীলায় আমাকে বললেন, "জায়গা না পালে আপনার বাড়ির সামনে গিয়ে বসবো।" এই হাসির আড়ালে লুকিয়ে থাকা আকুতি আর অসহায়ত্ব যেন চারপাশের পুরো সমাজব্যবস্থাকে এক বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত