প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৮:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
মোংলা বন্দরে শ্রমিক-কর্মচারীদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোংলা বন্দরে কর্মরত শ্রমিক-কর্মচারীদের মাঝে বিশেষ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ মে) সকালে মেসার্স হাশেম এন্ড সন্স স্টিভিডরিং কোম্পানির চত্বরে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান টিংকু, কোষাধ্যক্ষ আফসার উদ্দিন রতন, সদস্য মাহবুবুর রহমান মানিক ও মাহবুবুর রহমান টুটুল।
আয়োজকরা জানান, বন্দরে কর্মরত প্রায় ২ হাজার ৯০০ শ্রমিক-কর্মচারীর মাঝে চাল, ডাল, চিনি, তেল, লবণ, সেমাই, সাবান ও দুধসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জুলফিকার আলী বলেন, “মালিক ও শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই আমরা মোংলা বন্দরের উন্নয়নে কাজ করে যাচ্ছি।” তিনি আরও বলেন, “উন্নত ও আধুনিক ড্রেজারের মাধ্যমে বন্দর চ্যানেলের ড্রেজিং কার্যক্রম পরিচালনা করতে হবে। অতীতের মতো বালু তোলার মেশিন দিয়ে ড্রেজিং করলে কিংবা কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি হলে তা প্রতিহত করা হবে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অবহিত করা হবে।”
খাদ্য সামগ্রী বিতরণকালে শ্রমিক নেতারা বলেন, সকল মানবিক বিপর্যয়ে মোংলা বন্দরের শ্রমিক-কর্মচারীদের পাশে থেকেছে বন্দর কর্তৃপক্ষ। আসন্ন ঈদে শ্রমিকরা যেন পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও জানান, মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন-খুলনা শাখা এবং মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত