যশোর অফিস : যশোরের খোলাডাঙ্গা কদমতলা মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীদের সঙ্গে পূর্বশত্রুতা চলছিল। এরই ধারাবাহিকতায় ২৫ মে রাত ৯টা ১৫ মিনিটের দিকে প্রতিবেশী মনা, ইমন, জুলি খাতুনসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দোকানের সামনে গিয়ে গালিগালাজ শুরু করে।
রাশেদ খানের অভিযোগ, গালিগালাজে বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর করে এবং তার দোকান ও বসতবাড়ির প্রাচীর ভাঙচুর করে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ সময় ধারালো কুড়াল নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসার অভিযোগও তিনি করেন।
স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে হত্যার হুমকি দিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে তারা নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও জানান রাশেদ খান, ফলে পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে।
এদিকে মঙ্গলবার সকালে রাশেদ খানের বাড়িতে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ন্যায়বিচারের আশ্বাস দেন।
রাশেদ খান জানান, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর-৩ আসন থেকে কাস্তে প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বর্তমানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।