প্রিন্ট এর তারিখঃ মে ২৭, ২০২৬, ১২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
সাতক্ষীরার ২৫ গ্রামে আগাম ঈদুল আজহা উদযাপন
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ২৫ গ্রামে আহলে হাদিস মতাদর্শের একাংশের মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন।
বুধবার সকালে সদর উপজেলার বাউখোলা গ্রামে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি করেন তারা।
সকাল সাড়ে ৯টায় বাওখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মসজিদের ইমাম মাওলানা মো. মোহাব্বত আলী।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের জামাতে ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়ুখালি, মিরগিডাঙ্গাসহ আশপাশের প্রায় ২৫ গ্রাম থেকে শতাধিক মানুষ তাদের মত ঈদের নামাজে অংশ নেন।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকাল থেকেই মুসল্লিরা নতুন পোশাকে দলে দলে ঈদগাহ ও মসজিদে জড়ো হন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব গ্রামের আহলে হাদিস মতাদর্শের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও তারা একদিন আগে ঈদুল আজহা উদযাপন করেন।
ঈদের নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি করেন মুসল্লিরা। পরে আত্মীয়-স্বজন ও দরিদ্র মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।
এদিকে আগাম ঈদ উদযাপনকে কেন্দ্র করে এলাকাগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত