
ডেস্ক রিপোর্ট : ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা সহজলভ্য করতে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে সরকার। ডেঙ্গু রোগীদের জন্য বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ১০ শতাংশ শয্যা সংরক্ষণ করতে হবে এবং এসব শয্যায় ভর্তি রোগীদের বেড ও চিকিৎসা ব্যয় সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ মঙ্গলবার (০২ জুন) সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার (ইনভেস্টিগেশন) ব্যয়ের ৮০ শতাংশ বহন করবে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে রোগীদের খাবার ও ওষুধের খরচ নিজ নিজভাবে বহন করতে হবে।’
ডেঙ্গু প্রতিরোধে কঠোর অবস্থানের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘সারা দেশে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোনো বাসার ছাদ, আঙিনা বা আশপাশের পরিবেশ অপরিচ্ছন্ন থাকলে এবং সেখানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘মশার লার্ভা ধ্বংসে বিশেষ ওষুধ ব্যবহার করা হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোর প্রস্তুতির বিষয়েও গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশের সব হাসপাতালকে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে রোগীদের চিকিৎসায় কোনো ঘাটতি না হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই পদক্ষেপের মাধ্যমে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় কমবে এবং রোগীরা দ্রুত প্রয়োজনীয় সেবা পাবেন বলে আশা করছে সরকার। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।