
ডেস্ক রিপোর্ট : দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশিদ।
তিনি বলেন, জুন মাসজুড়ে দেশের বিভিন্ন এলাকায় আরও দুই থেকে তিনটি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে এ মাসে বৃষ্টিপাতের সম্ভাবনাও তুলনামূলক কম। তবে জুনের দ্বিতীয় সপ্তাহে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এরপর আবারও নতুন করে তাপপ্রবাহ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
বর্তমানে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু এলাকায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। ফলে জনজীবনে অস্বস্তি বেড়েছে।
এদিকে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৮৬ শতাংশ।