
মোংলা প্রতিনিধি : মোংলা মাছ বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ সহস্রাধিক জীবন্ত মুরগি, নগদ অর্থ ও মালামালসহ আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বুধবার (৩ জুন) রাত পৌনে ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, বুধবার মধ্যরাতে হঠাৎ করেই মাছ বাজার এলাকার একটি দোকানে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশ্ববর্তী দোকানগুলোতেও আগুন লেগে যায়। আগুন দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মোংলা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং স্থানীয় শত শত মানুষের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ীরা জানান, আগুনে বাজার সংলগ্ন দুইটি পাইকারি মুরগির আড়তের প্রায় সহস্রাধিক মুরগি ভেতরেই পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুনের তীব্রতায় পাশে থাকা আরও ৩টি মাছের আড়ৎ সম্পূর্ণ ভস্মীভূত হয়।
আড়তগুলোতে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও মাছ বিক্রির বিভিন্ন সরঞ্জামাদিসহ প্রায় ১০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
মোংলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে আগুন পুরো বাজারে ছড়াতে পারেনি। বিদ্যুতের শক সার্কিট কারণে এ আগুনের সুত্রপাত বলে ধারনা করেন এবং সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে বলে জানায় ফায়ার সার্ভিসের এ কর্মকতা।