
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুদের অবৈধভাবে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ|
শুক্রবার সকালে বিষয়টি দেখারপর এমন পরিস্থিতিতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)| এই খবরে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে| এর আগে বৃহস্পতিবার বিকালে এক দফায় সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ|
এদিকে পুশইনের খবরে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে|
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে অনিবন্ধিত অভিবাসী হিসেবে চিহ্নিত কিছু মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানোর ঘোষণা দেওয়া হয়| এরই ধারাবাহিকতায় গত ২৬ মে থেকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ও চন্দনপুর সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর এলাকায় কয়েকশ মানুষকে জড়ো করা হয়েছে|
বিজিবি সূত্রে জানায়, ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত হাকিমপুর সীমান্তে প্রায় ২০০ থেকে ৩০০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করা হয়| তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার উদ্দেশ্যে ভারতীয় পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করেছে বলে সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে|
তবে বিজিবির কঠোর অবস্থান ও সীমান্তে বাড়তি সতর্কতার কারণে বিএসএফের ওই চেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি|
সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, তার ব্যাটালিয়নের আওয়াতাধীন সাতক্ষীরা সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকাজুড়ে দিন-রাত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে| বাতিল করা হয়েছে বিজিবি’র সকল ছুটি|
একই সাথে গুরুত্বপূর্ণ চেকপোস্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে| যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কিংবা পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে|
সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন, পুশইনের আশঙ্কায় তাদের মধ্যে উদ্বেগ ˆতরি হয়েছে| তারা সীমান্তে নজরদারি আরও জোরদার করার পাশাপাশি কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন|