পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার বাঁকা বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২৪ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় সালেহা আক্তার (৩৮) ও তার ছেলে জুয়েল (২৫)-কে আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাড়ুলী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইনদাদুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁকা বাজারে আব্দুল লতিফ গাজীর মুদি দোকানে তল্লাশি চালানো হলে ১২৪ পিস ইয়াবা উদ্ধার হয়। পরে ঘটনাস্থল থেকে মা-ছেলে সালেহা আক্তার ও জুয়েলকে আটক করে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। তাদের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলার কানাইদি গ্রামে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, মাদকের কারণে এলাকার যুবসমাজ ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।