
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনায় এক ব্যতিক্রমী স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগর শাখার অন্তর্গত আজম খান সরকারি কমার্স কলেজ,সরকারি সুন্দরবন কলেজ, মুজিব মেমোরিয়াল সিটি কলেজ,বাংলাদেশ পলিটেকনিক ইন্সটিটিউট,সরকারি হাজী মহসিন কলেজ,সরকারি বজ্রলাল কলেজ,দৌলতপুর দিবা নৈশ কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে তৈরি করা মূল তোরণের ব্যানারে শহীদ জিয়াউর রহমানকে ‘মহান স্বাধীনতার ঘোষক’, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা’, ‘জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা’ এবং ‘আধুনিক বাংলার রূপকার’ হিসেবে অভিহিত করা হয়। ব্যানারে ‘শহীদ জিয়া অমর হোক’ এবং ‘জনতার জিয়া-চির অম্লান’ স্লোগান দুটি বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
প্রদর্শনী টেন্টে ঘুরে দেখা যায়, সুসজ্জিত প্যান্ডেলের ভেতরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় ও রাজনৈতিক জীবনের নানা ঐতিহাসিক মুহূর্তের দুর্লভ স্থিরচিত্র এবং সে সময়কার বিভিন্ন সংবাদপত্রের কাটিং সারিবদ্ধভাবে প্রদর্শন করা হয়েছে। প্রতিটি ছবির নিচে সংক্ষিপ্ত পরিচিতি ও ঐতিহাসিক পটভূমি তুলে ধরা হয়েছে, যা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাজিম বিশ্বাস জানান, শহীদ জিয়ার রাষ্ট্রনায়কোচিত অবদান, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের বাস্তব ইতিহাস সাধারণ ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরতেই এই স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এসময় একই কমিটির ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান খান বিপ্লব বলেন,শহীদ জিয়ার আদর্শ,দেশপ্রেম ছাত্রসমাজের মাঝে ছড়িয়ে দিতে চাই তার ধারাবাহিকতায় প্রতিটি কলেজে স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন।
প্রদর্শনী দেখার জন্য প্রতিটি কলেজের সাধারণ শিক্ষার্থী ছাড়াও খুলনা মহানগর বিএনপি, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা টেন্টে ভিড় জমান।