1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সাগর-রুনির মতো কতবার যে বিচার পেছাবে, তা আল্লাহই জানে: হাদির স্ত্রী

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সাংবাদিক দম্পতি সাগর-রুনির মতো কতবার যে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বিচার পেছাবে, তা আল্লাহই ভালো জানেন বলে মন্তব্য করেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা।
আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাবেয়া ইসলাম সম্পা লেখেন, ‘রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি? শহীদ ওসমান হাদির বিচারের কত দেরি-?’ আমাদের বাংলাদেশে আমরা যারা বিচারের জন্য লড়াই করি তাদের লাইফটাইম প্রশ্ন এইটা!’
‘ইতিহাস দেখলে আমরা না পেয়েছি সাগর-রুনি হত্যার বিচার, না পেয়েছি আবরার ফাহাদের বিচার আর এখন শুরু হচ্ছে শহীদ ওসমান হাদির। কত বার যে তারা পেছাবে, সেটা আল্লাহই জানে। তবে আমাদের স্পষ্ট কথা, বিচার আমরা নিশ্চিত করেই ছাড়ব। কত মাস, দিন, ঘণ্টা সময় নেবেন?’
‘হাদি হত্যার বিচার না হলে এই রাষ্ট্রে আর কখনো কারো জন্য মানুষ কাঁদবে না, রাস্তায় নামবে না, লড়াই করবে না। আপনারা যদি ভাবেন, হাদির পরিবারকে এটা দিচ্ছি ওটা দিচ্ছি করে বিচার কাজ বন্ধ করবেন তাহলে সেটা আপনাদের চরম বোকামি। হাদি কী আর তার পরিবারের একার আছে? সে তো সারা বাংলাদেশের। পুরো বাংলাদেশের মানুষ জানে কোথায় সমস্যা আর কেন দেরি হচ্ছে বিচার কাজে। আপনারা যত দেরি করবেন আমরা ততবেশি ঐক্যবদ্ধ হবো।’
সবশেষে শরিফ ওসমান হাদির স্ত্রী লিখেছেন, ‘সরকার কী দিচ্ছে না দিচ্ছে এসব ব্যাপারে আমি পুরোপুরি অবগত নই, আর এসবে আমার আগ্রহও নেই। আমার কনসার্ন হলো, যে কোনো কিছুর বিনিময়ে আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার আর তার রেখে যাওয়া আমানত আমার ছেলে ফিরনাসের সিকিউরড ভবিষ্যৎ। এর বাইরে আমার আর কোনো চাওয়া নেই।’
এর আগে গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান বিন হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।