
যশোর অফিস : জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী দিনে কোনো মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজির জায়গা যশোরের মুক্ত পরিবেশে হবে না। জনগণের সামান্য কষ্টের কারণ হয়, এমন ব্যক্তি যদি আমার দলের সর্বোচ্চ নেতাও হয়, তার জায়গা কারাগারে নিশ্চিত করব।
শনিবার (৭ ফেব্রুয়ারি) যশোর সদর উপজেলার নতুনহাট বাজারে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম বলেন, ধানের শীষে ভোট দিলে যশোরের মতো সারা দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়, মানুষ উন্নয়ন বুঝে পায়; বিগত সময়ে বিএনপি বারংবার প্রমাণ করেছে। সে কারণে আজ মানুষ ভোটের জন্য উদগ্রীব হয়ে গেছে। অতীতে মানুষ যতোবারই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই মানুষ নিজেদের প্রয়োজনে ধানের শীষে আস্থা রেখেছে। বিএনপি সরকার গঠন করে তাদের আস্থার প্রতিদান দিয়েছে। অতীতের ধারাবাহিকতায় এবারও জনগণ ধানের শীষে আস্থা রাখবে।
অনিন্দ্য ইসলাম আরও বলেন, আজ যারা বিএনপির প্রতিপক্ষ হয়ে নির্বাচন করছে, অতীতে তাদের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। সে কারণে জনগণের জন্য তাদের কোনো কর্মপরিকল্পনাও নেই। তারা ধর্মের নামে মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। জনগণ ধর্মের অপব্যাখ্যাকারীদের রুখে দেবে।
তিনি বলেন, বিএনপি নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে। এটা নিছক কোনো ঘোষণা নয়, এটি জনগণের সঙ্গে চুক্তি। বিএনপি সরকার গঠন করলে বাধ্যতামূলক সেই চুক্তি বাস্তবায়ন করবে। আজ দেশে অস্থিরতা বিরাজ করছে। এ দেশে শান্তি-শৃঙ্খলা ফেরাতে হবে। তার জন্য আমরা সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে চাই।
এর আগে অনিন্দ্য ইসলাম অমিত পুলেরহাট বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। সবাই আগামী নির্বাচনে ধানের শীষের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন।