
আলতাফ হোসেন অনিক, উজিরপুর : বরিশাল জেলার উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা গ্রামে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী শিশুটি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পশ্চিম সাতলা গ্রামের সরদার বাড়ির বাসিন্দা ও জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড নেতার ছেলে মাহফুজ সরদার (১৮) শিশুটিকে টিউবওয়েল থেকে পানি আনার সময় একা পেয়ে জোরপূর্বক তুলে নেয়। পরে তাকে পাশের একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার সময় শিশুটির চিৎকার শুনে পাশের পুকুরে থালা-বাসন ধোয়ারত অবস্থায় এক আত্মীয় ছুটে এসে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্ত পালিয়ে যায়।
পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শিশুটি পশ্চিম সাতলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী বলে তার পরিবার জানিয়েছে।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, “ঘটনার সংবাদ পেয়ে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় এলাকাবাসী। তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
Like this:
Like Loading...
Related