1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

টুঙ্গিপাড়ার মাটি ও মানুষের সেবাই মূল লক্ষ্য, বরাদ্দে থাকবে না কার্পণ্য এস এম জিলানী

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩৭৩ বার পড়া হয়েছে

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ ​বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জ জেলার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে কখনো কোনো কার্পণ্য করবেন না বলে জানিয়েছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে গোপালগঞ্জ এই দেশেরই একটি অবিচ্ছেদ্য অংশ এবং অন্য সব জেলার মতো এখানেও সমান সুযোগ-সুবিধা ও উন্নয়ন নিশ্চিত করা হবে।

​সোমবার (২ মার্চ) বেলা ১২টায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ বজ্রকণ্ঠ-এ সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী এমপি বলেন, গোপালগঞ্জ বা টুঙ্গিপাড়া-কোটালীপাড়া বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়। তাই আপনাদের মনে কোনো শঙ্কা রাখার প্রয়োজন নেই। বিশেষ করে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য রাখা হবে না। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন, অন্য উপজেলার তুলনায় এখানে বরাদ্দ কম হবে না, বরং অনেক ক্ষেত্রে বেশি আসবে।

​তিনি সরকারি কর্মকর্তাদের নির্ভয়ে এবং নিষ্ঠার সাথে জনসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন টুঙ্গিপাড়ার মাটি ও মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। কর্মকর্তাদের সহযোগিতা পেলে এই এলাকাকে একটি সাম্যবাদী, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

​মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, অগ্রগতি এবং বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। সভায় মূলত তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়
টুঙ্গিপাড়াকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা। সরকারি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছায়, সে বিষয়ে কঠোর নির্দেশনা। দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির মাধ্যমে প্রকল্পের কাজ দ্রুত ও স্বচ্ছতার সাথে শেষ করা। এর আগে এস এম জিলানী উপজেলা চত্বরে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভা শেষে তিনি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাবার বিতরণ করেন এবং একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। সবশেষে তিনি উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

​অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।