
ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া উপজেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহৎ বাণিজ্য নগরী চুকনগর বাজারের আদর্শ কমপ্লেক্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে চোরের দল গ্রিল কেটে ভবনের ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী জয়দেব আঢ্য জানান, প্রতিদিনের মতো রোববার রাতে দোকান বন্ধ করে বাসায় যান। পরে সোমবার সকালে দোকানে এসে দেখতে পান কমপ্লেক্সের গ্রিল কাটা এবং দোকানের ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।
তিনি আরও জানান, দোকানে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান বিভিন্ন মালামাল চুরি হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা বাজার এলাকায় রাত্রীকালীন নিরাপত্তা জোরদার এবং চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।