
ডেস্ক রিপোর্ট : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এমন একটি দলকে ভোট দিয়ে আমরা আমাদের ঈমান নষ্ট করতে পারি না। তাই আমি মা-বোন ও ভাইদের প্রতি আহ্বান জানাই আপনারা কেউ বিভ্রান্ত হবেন না।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজি বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘তারা (জামায়াত) বলছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে, নাউজুবিল্লাহ! কোনো একটি নির্দিষ্ট মার্কায় ভোট দিলে কি কেউ বেহেশতে যেতে পারে?’
তিনি আরও বলেন, দেশের প্রখ্যাত আলেমরাও এই ধরনের অপপ্রচারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন।
বক্তব্যে বিএনপি মহাসচিব আলেমদের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘বাবুনগরী সাহেব জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘নাজায়েজ’ বলে ঘোষণা দিয়েছিলেন। এমনকি চরমোনাইয়ের পীর সাহেবও তাদের পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী দল হিসেবে আখ্যায়িত করেছেন।’
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ‘ধানের শীষ’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমাদের জয়ী হতে হবে।’
এ সময় তিনি তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও অনুরোধ জানান। পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।