
ডেস্ক রিপোর্ট : কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বিশাল ব্যবধানে জামায়াতের প্রার্থী রোকন রেজা শেখকে পরাজিত করেছেন।
আর জয় পেয়েই নিজের ফেসবুকে বঙ্গবন্ধু প্রসঙ্গ নিয়ে এলেন, নিয়ে এলেন মুক্তিযুদ্ধ প্রসঙ্গ। এক ফেসবুক পোস্টে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান লিখেছেন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু। স্বাধীন বাংলার অস্তিত্ব।
আরেক পোস্টে ফজলুর রহমান লিখেছেন, ‘সমস্ত রাজাকার ও স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে নির্বাচনী বিজয় নিশ্চিত করে প্রথম প্রহরের ফজরের নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি। এ বিজয় ব্যক্তির নয়—এটি মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার পক্ষে জনতার স্পষ্ট রায়।’
তিনি আরো লিখেছেন, ‘দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী খোঁজ নিয়েছেন; টানা চাপ ও দায়িত্বে নিমগ্ন থাকায় সবার সঙ্গে যথাযথ যোগাযোগ সম্ভব হয়নি। বহু অনুরোধে বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রিকা, ইউটিউব প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছি।
তবু আপনাদের অব্যাহত আহ্বানের প্রেক্ষিতে সবার জ্ঞাতার্থে এই বার্তা প্রদান করছি। ইনশাআল্লাহ, সংসদে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে এক অটল প্রদীপ জ্বলবে—আপনাদের মর্যাদা, আস্থা ও ত্যাগকে কখনোই ক্ষুণ্ণ হতে দেব না।’
এই জয় নিয়ে যেমন উচ্ছ্বাস আছে তেমন আফসোসও আছে ফজলুর রহমানের।
একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, আমার জয়টা ম্লান হইছে দুইটা বাচ্চা ছেলে রেখে আমার কর্মীকে দুই বছরের জেল দিছে।
ইনশাল্লাহ আমি আইনি লড়াই চালিয়ে যাবো, তবে তাদের বিনা অপরাধে, কালো শক্তিকে খুশি করতে এই শাস্তি প্রদান করা হইছে।