
কালিয়া প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলা-এ পার্টনার প্রোগ্রামের আওতায় ক্লাস্টারভিত্তিক সরিষা ও বারি গম-৩৩ প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে কৃষকদের অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা ও মাঠপর্যায়ের প্রযুক্তি প্রদর্শন করা হয়।
আয়োজনটি বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নড়াইল খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান। এ ছাড়া কালিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অরিয়েন্টেশনের অংশ হিসেবে কর্মকর্তারা নড়াগাতী এলাকার কলাবাড়িয়া ও বাঐশোনা গ্রামের বিস্তীর্ণ মাঠ পরিদর্শন করেন। সেখানে ক্লাস্টারভিত্তিক সরিষা ও বারি গম-৩৩ প্রদর্শনীর পাশাপাশি সূর্যমুখী, মসুরসহ বিভিন্ন রবি ফসলের চাষাবাদ সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। ফসলের বৃদ্ধি, রোগবালাই পরিস্থিতি, সার ও সেচ ব্যবস্থাপনা এবং সম্ভাব্য ফলন নিয়ে কৃষকদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন তারা।
কর্মকর্তারা বলেন, ক্লাস্টারভিত্তিক চাষাবাদে একই জাতের ফসল সমন্বিতভাবে আবাদ করায় প্রযুক্তি প্রয়োগ সহজ হয় এবং উৎপাদন ব্যয় কমে। উন্নত জাতের বীজ, সুষম সার প্রয়োগ ও সময়মতো রোগবালাই দমনের মাধ্যমে ফলন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। বিশেষ করে বারি গম-৩৩ জাত ও উন্নত সরিষা চাষে আধুনিক প্রযুক্তি অনুসরণ করলে কৃষকের আয় বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় কৃষকদের উদ্দেশ্যে কর্মকর্তারা আরও বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে সূর্যমুখী ও মসুরের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। যেকোনো সমস্যায় দ্রুত উপজেলা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তারা।
মাঠপর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি উপস্থিতি ও দিকনির্দেশনায় স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। কৃষকরা জানান, নিয়মিত এমন তদারকি ও প্রযুক্তিগত সহায়তা পেলে আধুনিক ও লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তোলা আরও সহজ হবে।
Like this:
Like Loading...
Related