
শরণখোলা আঞ্চলিক অফিসঃ শরণখোলায় চুলার আগুনে এক প্রাইমারী শিক্ষকের বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৮মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামের আবু সালেহ’র বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আবু সালেহ ওই ইউনিয়নের এসবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। ক্ষতিগ্রস্ত শিক্ষক আবু সালেহ জানান, বেলা ১১টার দিকে আুগনের সূত্রপাত হয়। এসময় প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। শুষ্ক মৌসম হওয়ায় বাড়ির পুকুর ও আশপাশে পর্যাপ্ত পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করা হয়েছিল। কিন্তু তারা ঘটনাস্থলে পৌছানোর আগেই আগুনে তার টিনশেড কাঠের ঘরসহ আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, জমির দলিল, মূল্যবান কাগজপত্র ও অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই শিক্ষক। শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব ই আলম জানান, খবর পাওয়ার পর সাড়ে ১১টার দিকে ৯ সদস্যের একটি টিম নিয়ে ঘটনাস্থলে রওনা হন তিনি। ঘটনাস্থলে যাওয়ার রাস্তা খারাপ থাকায় সময় মতো পৌছানো সম্ভব হয়নি। তাছাড়া পাইপ বসানোর মতো আশপাশে কোথাও পানি না থাকায় প্রায় আধা কিলোমিটার দূরের একটি খাল থেকে পানির ব্যবস্থা করতে হয়। কিন্তু এরই মধ্যে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।