1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

গ্যারেজে ছিল চারটি বাইক, চোর নিয়ে গেল কেবল একটি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

তালা প্রতিনিধি : তালায় চোরচক্রের নিপুণ হাতের কারসাজিতে আরও একটি মোটরসাইকেল উধাও হওয়ার খবর পাওয়া গেছে। এবার চুরির শিকার হয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’র কৃষি কর্মকর্তা নয়ন হোসেন। রোববার দিবাগত রাতে পাটকেলঘাটা আল-আমিন মাদরাসার পাশে একটি ভাড়াবাড়ি থেকে তাঁর শখের নীল রঙের ইয়ামাহা এফজেড (সাতক্ষীরা-ল-১৩-৩২২০) মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।
নয়ন হোসেন পাটকেলঘাটা এলাকার খাইরুল আলমের বাড়িতে ভাড়া থাকেন। প্রতিদিনের মতো রোববার রাতেও তিনি বাড়ির নিচতলার গ্যারেজে নিজের মোটরসাইকেলটি রেখে নিশ্চিন্তে ঘুমাতে গিয়েছিলেন। সোমবার সকালে ঘুম থেকে উঠে নিচে গিয়ে তাঁর চক্ষু চড়কগাছ। গ্যারেজে আরও তিনটি মোটরসাইকেল অক্ষত অবস্থায় থাকলেও তাঁর নিজের বাইকটি সেখানে নেই। হতভম্ব নয়ন হোসেন তাৎক্ষণিকভাবে পরিচিতজনদের ফোন করে এবং আশেপাশে খোঁজ নিয়ে কোনো হদিস পাননি। চোরচক্র অত্যন্ত চতুরতার সাথে অন্য তিনটি বাইক স্পর্শ না করে কেবল নয়ন হোসেনের দামি বাইকটি নিয়েই চম্পট দিয়েছে। কোনো কূল-কিনারা না পেয়ে সোমবার সকালেই নয়ন হোসেন পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পাটকেলঘাটা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং চোর শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
এদিকে শহরের আবাসিক এলাকায় তালাবদ্ধ গ্যারেজ থেকে এভাবে মোটরসাইকেল চুরি হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। বিশেষ করে বেসরকারি কর্মকর্তাদের যাতায়াতের প্রধান বাহনটি হারিয়ে নয়ন হোসেন এখন দাপ্তরিক কাজেও বিপাকে পড়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।