1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

উজিরপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
আলতাফ হোসেন অনিক, উজিরপুর : ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতার পথে যাত্রা শুরু করে বাংলাদেশ। চট্টগ্রামের কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে মুক্তির সংগ্রামে উজ্জীবিত করে।
মহান এই দিবস উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
এরপর উজিরপুরের মেজর এম এ জলিল স্মৃতি ফলকে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে সরকারি ডব্লিউবি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সান্টু বলেন, ২৬শে মার্চ বাঙালি জাতির মাথা উঁচু করে দাঁড়ানোর দিন এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারের দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরা হয় এবং উজিরপুরবাসীর উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিল—শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে, জাতীয় সংগীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, রচনা-আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এছাড়া উপজেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি ও হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়।
শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি মিনি ম্যারাথন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মোঃ দুলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উজিরপুর মডেল থানার ওসি মোঃ রকিবুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট