
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিরাশী গ্রাম জুড়ে চলাচলের রাস্তায় ইটের সলিং থাকলেও ৯০ ফুট রাস্তা পড়ে আছে অযত্নে – অবহেলায়, যেন দেখার কেউ নেই!
শুক্রবার (২৭ মার্চ) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কপিলমুনি ইউপির আগড়ঘাটা বাজার ভেদামাড়ী মোড় হতে মরহুম মাওলানা শামছুর রহমানের বাড়ি অভিমুখে বিরাশী নতুন পুকুর হয়ে পুর্ব দিকে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ছুরমান গাজীর বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ইটের সলিং রাস্তা রয়েছে। এছাড়াও উক্ত গ্রামের আশেপাশে ভিতরের বিভিন্ন রাস্তা গুলোতেও রয়েছে ইটের সলিং। কিন্তু বিশিষ্ট ব্যবসায়ী ছুরমান গাজীর বাড়ির সামনে কাদের সরদারের বাড়ির উত্তর পার্শ্বে একটি পুকুর সংলগ্ন হয়ে পশ্চিমে বিরাশী গ্রামের ভিতরের রাস্তাটি ইটের সলিং থাকলেও পুকুর সংলগ্ন হতে স্থানীয় পেশ ইমাম মোঃ সোহরাব গাজীর বাড়ি পর্যন্ত প্রায় ৯০ ফুট রাস্তা কাঁচাই রয়ে গেছে। আর উক্ত ৯০ ফুট রাস্তাটি বর্তমানে সংস্কারের অভাবে পড়ে আছে অযত্নে আর অবহেলায়।
এলাকাবাসী জানান, প্রায় দু’বছর আগে এই গ্রামের ভিতরের রাস্তাটি ইটের সলিং হলেও গ্রামে প্রবেশের রাস্তার শুরুতেই ৯০ ফুট রাস্তা কাঁচা থেকে যায়। এলাকার সকল রাস্তাগুলো ইটের সলিং হলেও বছরের পর বছর কাঁচা রাস্তারুপেই পড়ে আছে এই ৯০ ফুট চলাচলের রাস্তা।
বিরাশী পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোঃ সোহরাব হোসেন বলেন, এই রাস্তাটি দিয়ে উক্ত গ্রামের প্রায় ৫ শতাধিক মানুষ প্রতিনিয়ত চলাফেরা করে। ৯০ ফুট চলাচলের উক্ত রাস্তাটি দিয়ে বর্ষা মৌসুম এলে এই গ্রামের মানুষ বাজার, মাঠ, ঘাট কিংবা মসজিদে যেতে হলে চরম ভোগান্তি পোহাতে হয়। উক্ত রাস্তাটির বাকি অংশটুকু ইটের সলিং হলে এ গ্রামের মানুষ অনেক উপকৃত হবে। এদিকে উক্ত রাস্তাটির বাকি কাঁচা অংশটুকু দ্রুত সংস্কারের জন্য কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
এ ব্যাপারে জানতে চাইলে, কপিলমুনি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান – ২ ও ইউপি সদস্য মোঃ বদরুল আলম জানান, রাস্তাটি সাবেক ইউপি সদস্য দায়িত্বে থাকা কালিন করা হয়েছে। রাস্তাটির বাকি অংশটুকু করা জরুরি। আমি চেষ্টা করবো আগামী প্রকল্প পেলে রাস্তাটির বাকি অংশ ইটের সলিং হিসেবে করার।
এ বিষয়ে কপিলমুনি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুস আলী মোড়ল জানান, আমি অল্প কিছুদিন ধরে উক্ত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। তাই বিষয়টি আমার জানা ছিল না। তবে জনগুরুত্বপূর্ণ উক্ত গ্রামের মানুষদের জনদুর্ভোগ ও ভোগান্তি লাঘবে আমি অবশ্যই রাস্তাটির বাকি অংশ ইটের সলিং করে দেয়ার চেষ্টা করবো।
Like this:
Like Loading...
Related