
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের আক্রমণে ২৪ ঘণ্টার মধ্যে নারী, শিশু, বৃদ্ধ ও যুবকসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত পৌর এলাকার নিশ্চিন্তপুর, মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া এবং আশপাশের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকেই দুটি ক্ষ্যাপা কুকুর হঠাৎ বেপরোয়া হয়ে পথচারী ও এলাকাবাসীর ওপর হামলা চালাতে শুরু করে। এতে নিশ্চিন্তপুর হাইস্কুল পাড়ার চা বিক্রেতা পলাশ, পথচারী গোবিন্দ, অসিতের স্ত্রী, শিশু অর্ক এবং মধুগঞ্জ বাজারের হাসানুজ্জামানের কন্যা সিনথিসহ অনেকেই আহত হন। আহতরা চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন স্থানীয় ক্লিনিকে গেলেও সেখানে রেবিস প্রতিষেধক ভ্যাকসিন না থাকায় চরম দুর্ভোগে পড়েন। ফলে অনেককেই বাধ্য হয়ে বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করতে হচ্ছে।
এদিকে, কুকুরের উপদ্রব ঠেকাতে স্থানীয়রা শুক্রবার রাতে সংঘবদ্ধ হয়ে একটি কুকুরকে মেরে ফেললেও অপরটিকে এখনও ধরা সম্ভব হয়নি, ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অরুণ কুমার জানান, দুই দিনে মোট ২২ জনের বেশি আহত ব্যক্তি হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে কিছু ক্যাটাগরি অনুযায়ী ঝুঁকিপূর্ণ কামড়ের রোগীও রয়েছে। তবে বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রে কোনো রেবিস ভ্যাকসিন মজুত নেই। এজন্য রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ভ্যাকসিন সংকট থাকলেও যারা আমার কাছে এসেছেন, তাদের বাজার থেকে ভ্যাকসিন কিনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুব দ্রুতই স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হবে।