
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: সুন্দরবনকে দস্যুমুক্ত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড দুটি বড় অভিযান শুরু করেছে। একটি ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং অন্যটি বন অপরাধ নির্মূলে ‘অপারেশন ম্যানগ্রোভ শীল্ড’।
কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম রবিবার (১২ এপ্রিল ২০২৬) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনও একই তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৮ মাসে কোস্ট গার্ডের অভিযানে সাফল্য: ৬১ জন দস্যু আটক — করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুরসহ বিভিন্ন দস্যু বাহিনীর সদস্য।
৮১টি আগ্নেয়াস্ত্র ও ৫৯৯ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার। ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে জীবিত উদ্ধার।
বন্যপ্রাণী সংরক্ষণে — ৯৪৪ কেজি হরিণের মাংস, ৯০০টি হরিণ শিকারের ফাঁদ এবং ২৯ জন শিকারি আটক। প্রায় ১ হাজার ৮০৬ কোটি টাকা সমমূল্যের অবৈধ জাল ও বিপুল পরিমাণ রেণুপোনা জব্দ।
কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এব তথ্য জানান।
তিনি আরো বলেন, “দস্যুতা ও বন অপরাধ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত এই দুই অভিযান অব্যাহত থাকবে।” এতে প্রশাসনের সকল বাহিনী সম্পৃক্ত রয়েছে এবং কোস্ট গার্ডের ১৭টি স্টেশন থেকে একযোগে অভিযান চালানো হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় যৌথ অভিযান
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রত্যক্ষ নির্দেশনায় কোস্ট গার্ডের নেতৃত্বে নৌবাহিনী, র্যাব, পুলিশ, বন বিভাগসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে। হারবারিয়া, কৈখালী, কয়রা, নলিয়ান, মান্দারবাড়ি, শ্যামনগরসহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানের ফলে দস্যুদের চাঁদাবাজি ও প্রভাব উল্লেখযোগ্যহারে কমেছে। মৎস্যজীবী, বাওয়ালি ও স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তার আস্থা ফিরে আসছে। সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত করতে সাঁড়াশি অভিযান চলবে বলে তিনি উল্লেখ করেন।
কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, বন্যপ্রাণী ও বনজ সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সুন্দরবনের জেলেদের নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ অভিযান অব্যাহত রাখতে স্থানীয় জনগণ ও জেলেদের সহযোগিতা কামনা করেছে কোস্ট গার্ড।
Like this:
Like Loading...
Related