
শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী বৈশাখী মেলার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন | ছবি: দৈনিক ইতিহাস
অসাম্প্রদায়িক চেতনার এই উৎসবে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
শোভাযাত্রা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে জাতীয় সংগীত, বর্ষবরণের গান, লোকসংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়।
এছাড়া গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে উপজেলা চত্বরে আয়োজিত বৈশাখী মেলায় বিভিন্ন পিঠা-পুলির স্টল, খেলনা, নকশিকাঁথা ও মৃৎশিল্পের প্রদর্শনী করা হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম। পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।