
পাইকগাছা প্রতিনিধি : ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো পাইকগাছা শিববাটি নতুন মৎস্য আড়ৎ। ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আড়তের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিববাটি মৎস্য আড়তের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় তিনি এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও মৎস্য ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন ও সাজ্জাদ হোসেন মানিক, সদস্য তুষার কান্তি মন্ডল, অ্যাড. একরামুল হক, পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা লাকি এবং সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মন্টু। ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জি এম শুকুরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মৎস্য ব্যবসায়ীরা অংশ নেন। সঞ্চালনা করেন পাইকগাছা প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ। এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা মৎস্য আড়ৎ সমবায় সমিতির সাবেক নেতৃবৃন্দ জাকির হোসেন, ওবায়দুল হক মিঠু, মো. ফজলুল রহমান, বজলুর রহমান, যঞ্জেশ্বর কার্তিক, আনোয়ারুল ইসলাম, ফয়সাল আহমেদ সনি সহ আরও অনেকে। নতুন এই মৎস্য আড়ৎ চালু হওয়ায় স্থানীয় মৎস্য চাষী ও পাইকারি ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এর ফলে এলাকায় কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মৎস্য বাণিজ্যে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আড়তের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।